গ্রিনল্যান্ডে বরফ গলা আগের রেকর্ড ভেঙে ১৫ শতাংশ এগিয়ে
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে বরফ গলা বেড়ে গেছে। গতবছরের চেয়ে এবারের মাত্রা অনেক বেশি। বিজ্ঞানীরা বলছেন, সুমেরু অঞ্চলের মহাসাগর ঘেঁষা গ্রিনল্যান্ডে বরফ এতই গলছে যে, আগের রেকর্ড ভেঙে ১৫ শতাংশ এগিয়ে গেছে।
একটি নতুন বিশ্লেষণ বলছে, ১৯৪৮ সালের রেকর্ডগুলোর তুলনায় এবারের বরফ গলার পরিমাণ ‘নজীরবিহীন’। এছাড়া প্রায় প্রতিবছরই রেকর্ড ভেঙে দ্বীপটির বরফ গলছে আশঙ্কাজনকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে।
বিজ্ঞানীরা বলছেন, গতবছরের রেকর্ড ভেঙে বরফ গলছে এবার। অথচ গতবছরের গ্রীষ্মেও আশঙ্কাজনক হারে বরফ গলেছে দ্বীপটিতে। তারা বলছেন, ২০১৯ সালে তীব্র তাপের প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের ‘সবুজদ্বীপ’।
সংশ্লিষ্টরা বলছেন, কার্বনডাইঅক্সাইডের চলমান নির্গমন গ্রিনল্যান্ডকে আরও চরম খারাপের দিকে নিয়ে যাচ্ছে। গলানোর যুগে ঠেলে দিচ্ছে। গত ৩০ বছরে বরফ গলা বেড়ে যাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে আশঙ্কাজনকহারে। আর এতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে গ্রিনল্যান্ড।
গত বছরের ডিসেম্বরে প্রকাশিত গ্রিনল্যান্ডের একটি বড় আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৯০ দশকের তুলনায় এখন সাতগুণ বেশি বরফ গলছে। আবার অন্য একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেই ধারা অব্যাহত রয়েছে। যা বিশ্বকে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের দিকেও ঠেলে দিচ্ছে।