গ্রেফতারের পর প্রথমবারের মত সশরীরে আদালতে হাজির অং সান সু চি
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গ্রেফতার গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে প্রথমবারের মত সশরীরে আদালতে হাজির করা হয়েছে। সোমবার রাজধানী নেপিডোর আদালতে হাজির করার সময় সু চিকে দেখে সুস্থই মনে হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী তায়ে মঙ মঙ।
শুনানির আগে সু চি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘণ্টার মত মুখোমুখি বৈঠকও করেছেন।
সু চির আইনজীবী বলেছেন, তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন, ‘আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।’
এর আগে রোববার (২৩ মে) দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং বলেন, ‘অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন। কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবে।’
সু চির বিরুদ্ধে দুটি আদালতে কয়েকটি মামলা করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই ছোটখাট অভিযোগে। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি করা হয়েছে ঔপনিবেশিক আমলে তৈরি ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর আওতায়, যেখানে দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
এর আগের শুনানিগুলোতে ৭৫ বছর বয়সী সু চিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। এমনকি আইনজীবীদের সঙ্গেও তাকে সরাসরি দেখা করতে বা কথা বলতে দেয়া হচ্ছিল না। সেনাসদস্যদের উপস্থিতিতে কেবল ভিডিও কলের মাধ্যমে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারছিলেন।