গ্রেফতার করা যাবে না ইমরান খানকে: সুপ্রিম কোর্ট
ইমরান খানকে পাকিস্তানের কোয়েটা শহরের শীর্ষ আইনজীবী আব্দুল রাজ্জাক শার হত্যা মামলায় ৯ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না। এ আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে তোশাখানা মামলার বিষয়েও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইসলামাবাদ হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। তিনি আবেদন করেছেন যেন এ মামলার কার্যক্রম বন্ধ করা হয়।
এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি সাইয়েদ মাজাহার আলী আকবর নকভি ও বিচারপতি মুসারাত হিলালির সমন্বয়ে গঠিত ৩ বিচারপতির বেঞ্চ আগামী ৯ আগস্ট পর্যন্ত হত্যার মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত করেছে। এই সময়ের মধ্যে গ্রেফতার করা যাবে না পিটিশনকারী ইমরান খানকে।
এর আগে তিনি একটি এফআইআর এবং গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হয়েছিলেন কোয়েটা শহরের শীর্ষ আইনজীবী আব্দুল রাজ্জাক শার হত্যা মামলায়।
কোয়েটা শহরের প্রবীণ আইনজীবী আব্দুল রাজ্জাক শারকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় অজ্ঞাতপরিচয় লোকেরা হত্যা করে। তিনি তখন একটি গুরুত্বপূর্ণ শুনানির জন্য আদালতে যাচ্ছিলেন।
এর এক দিন পর ওই আইনজীবীর ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে। যে মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়।
বেলুচিস্তান হাইকোর্টে একটি সাংবিধানিক পিটিশন দাখিল করেছিলেন আইনজীবী আব্দুল রাজ্জাক। ওই সাংবিধানিক পিটিশনে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধারা ৬-এর অধীনে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।
তবে এই হত্যাকাণ্ডের জন্য এক অপরকে অভিযুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার ও পিটিআই দল। তারা কেউ এ ঘটনার দায় নিতে চায় না।
সূত্র : ডন