গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই নিঃস্ব পরিবার
বরিশালের গৌরনদীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক গাছ ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, ফলে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে হানিফ বেপারির ছেলে রিমন হাসান সরফরাজ জানান, সোমবার (২৪ মার্চ) ইফতারের আগে তারা পাশের বাড়িতে দাওয়াতে গেলে তার মা রানু বেগম (৫৫) ঘরে ছিলেন। হঠাৎ বারান্দায় রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ধরে যায় এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, ফলে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় পাশের ঘর ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরফরাজ আরও জানান, অগ্নিকাণ্ডের পর তাদের ঘরে খাবার, পোশাক এমনকি এক চিমটি লবণও অবশিষ্ট নেই।
ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, এ ঘটনায় নগদ টাকা ও মালামালসহ প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং রানু বেগম আহত হয়েছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান বলেন, 'বিষয়টি জানা গেছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে সহায়তা দেওয়া হবে।'