গোপন মজুদ থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার
বাজারে সয়াবিন তেলের সংকট সেই ঈদের আগে থেকে। ঈদের পর বোতলজাত তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়িয়েছে সরকার। তবু সংকট এখনো কাটেনি। এর মধ্যে চট্টগ্রাম থেকে আসছে গোপন মজুদ থেকে হাজার হাজার লিটার তেল উদ্ধারের সংবাদ। এবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে গোপনে মজুদ করে রাখা ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে।
ঘটনা আজ সোমবার দুপুরের। চট্টগ্রাম নগরীর পাহাড়তলি বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে বিল্লি লেইনের সিরাজ সওদাগরের দোকান থেকে তারা বিপুল পরিমানে মজুত করে রাখা তেল খুঁজে পায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ জানান, ‘সিরাজ সওদাগরের দোকানে আমরা ১৫ হাজার লিটার সয়াবিন তেল পেয়েছি।’
ভোক্তা অধিকার মনে করে, তেলের দাম বাড়ানোর জন্য হাজার হাজার লিটার তেল আইনের বাইরে গিয়ে ব্যবসায়ীরা মজুত করে রেখেছিল। গোপন খবরের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছে। গত দুদিনে তারা চট্টগ্রামের তিনটি জায়গা থেকে সব মিলে ১৮ হাজার লিটারের বেশি সয়াবিন তেল উদ্ধার করেছে।
শনিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই বাড়ি থেকে তারা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে।
পরের দিন রোববার বিকেলে নগরীর ষোলশহরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরে অভিযান চালায়। দোকানটির নিচে গুদাম থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেলের বোতল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।