গোপালগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত
গোপালগঞ্জে দুর্বৃত্তের গুলিতে গোপীনাথপুর ইউপি সদস্য হামিদুল শরীফ (৪৫) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর হাই স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
হামিদুল শরীফ ওই এলাকার শরীফ পাড়ার মৃত আব্দুল হক শরীফের (কালা শরীফ) ছেলে ও গোপীনাথপুর ৭নং ওয়ার্ডের মেম্বার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপীনাথপুর ফাঁড়ির এসআই বিপ্লব জানান, গোপীনাথপুর বাজার থেকে একটি রিকশাভ্যানযোগে বাড়ি ফেরার পথে স্কুলসংলগ্ন অন্ধকারাচ্ছন্ন মেহগনি বাগান এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানচালক সাগর শেখকে তাদের হেফাজতে রেখেছে।
হাসপাতালে সুরতহালের পর সদর থানার ওসি (তদন্ত) হযরত আলী বলেন, নিহত হামিদুল শরীফের বুক ও পাঁজরে চারটি গুলি লাগার চিহ্ন রয়েছে।