শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনই একমাত্র উপায় : ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন • 16 ফেব্রুয়ারি 2025, 09:09 রাত • 199 বার পঠিত
গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনই একমাত্র উপায় : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা   ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনই একমাত্র পথ। তিনি বলেন, "গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র উপায়, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি।"

রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির আয়োজিত এই টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির দল প্রতিদ্বন্দ্বিতা করে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, "আজ আমি আবেগাপ্লুত। দীর্ঘদিন পর একটি বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের সূচনা দেখতে পারছি। জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা এই আয়োজনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের মানুষকে নির্মল বিনোদন দিচ্ছে এবং ক্রীড়াঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেছে। যদিও এই কাজটি জেলা ক্রীড়া সংস্থার, তবে বিএনপি যে উদ্যোগ নিয়েছে, তা যেন ভবিষ্যতেও চলমান থাকে।"

তিনি আরও বলেন, "আমাদের দেশ ভয়ংকর সময় পার করেছে। দীর্ঘ ১৫ বছর আমাদের বুকের ওপর একটি পাথর চেপে ছিল, যা আমাদের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এমনকি খেলার মাঠগুলোকেও ধ্বংস করা হয়েছিল।"

বিএনপির মহাসচিব বলেন, "আমাদের ছাত্র-তরুণেরা যেভাবে অভ্যুত্থান ঘটিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ সৃষ্টি করেছে, তা আমাদের গ্রহণ করা উচিত। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা—সব ক্ষেত্রে নতুন বাংলাদেশ গড়তে হবে।"

ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি আমিনুল ও সাব্বিরের ভক্ত ছিলাম। যখন তাঁরা মাঠে খেলতেন, তখন অসংখ্য দর্শক উপস্থিত থাকত। কিন্তু আজ ফুটবলের জনপ্রিয়তা কমে গেছে। ফুটবল বাংলাদেশের মানুষের খেলা, তাই এটিকে আবার জনপ্রিয় করে তুলতে হবে।"

তিনি জানান, বিএনপি নেতা আমিনুল হক সারা দেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছেন, যা রাজনৈতিক দলের ক্রীড়াঙ্গনে নেতৃত্বের একটি ইউনিক দৃষ্টান্ত। এজন্য তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান, যাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা নেতা। তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও আমরা স্মরণ করি।"

বেলা সোয়া তিনটায় জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন টুর্নামেন্টের আহ্বায়ক সৈয়দ মমিনুল হক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, জাতীয় দলের খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বিএনপির পল্লী ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।