গণকমিশনের আইনে কোনো ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
গণকমিশনের আইনগত কোনো ভিত্তি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শুক্রবার এই মন্তব্য করেছেন। এর সঙ্গে বলেছেন, গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। সেখানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘গণকমিশনের আইনে কোনো ভিত্তি নেই। তারা কাদের নামে সন্ত্রাস ও দুর্নীতির দায় দিয়েছেন এগুলো আমরা কেউই কোনোও তদন্ত করিনি। সুতরাং এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তাঁরা দিয়েছেন। আমরা না দেখে বলতে পারব না, দেখে বলতে হবে।’’
গত ১১ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ১১৬ আলেমের একটি শ্বেতপত্র বা তালিকা জমা দেয় গণকমিশন। সেখানে এই ১১৬ জনের বিরুদ্ধে বাংলাদেশে উগ্রবাদী অর্থায়ন, অর্থপাচার, ঘৃণা বিদ্বেষ ছড়ানো, ওয়াজের নামে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ হেফাজতে ইসলাম ১১৬ আলেমের নামে গণকমিশনের এই তালিকা জমা দেওয়াকে চরম ধৃষ্টতা বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, সরকার গণকমিশনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে নামবে।
হেফাজতের এই আন্দোলনে নামার ঘোষণার প্রসঙ্গ টেনে এ নিয়ে কি ব্যবস্থা হবে তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন কেউ হাতে নিলে যা করণীয় তাই করা হবে। এর সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা একটি কথা জোর দিয়ে বলতে চাই যে অভিযোগের কোনো প্রমাণ নেই সে অভিযোগ আমরা আমলে নেই না।’’
‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে। এটির চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আর সদস্যসচিব ব্যারিস্টার তুরিন আফরোজ।