ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৬৬টি বাঁধ ভেঙে গেছে
ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে পশ্চিমবঙ্গের দুই জেলায় ৬৬টি বাঁধ ভেঙে গেছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে ৫১টি ও দক্ষিণ ২৪ পরগনায় ১৫টি বাঁধ ভেঙেছে। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন।
মমতা বলেন, এরইমধ্যে অনেকগুলো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গে বেশিরভাগ অঞ্চলই প্লাবিত হচ্ছে। এরইমধ্যে ১৫ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
তিনি আরো বলেন, ইয়াসের তাণ্ডবে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বাঁধ ভেঙে গেছে। অপরদিকে পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে। দিঘা থেকে অনেক লোককে সরানো হয়েছে। দেড় লাখ মানুষকে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। আরো লোকজনকেও সরিয়ে নেয়ার প্রচেষ্টা চলছে। দিঘার জেলাশাসক করোনা আক্রান্ত। সেই অবস্থাতেও কাজ করছেন। কলকাতায় জল ও বিদ্যুৎ সরবরাহ এখনও নিরবচ্ছিন্ন। তবে ভরা কোটালের জন্য কী হবে জানি না। ভরা কোটালের জন্য বাংলায় ক্ষতি বেশি হবে। প্রত্যেক বছর বিপদ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়। সরকার নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধান থাকুন। ৭-৮ ঘণ্টা সতর্ক থাকতে হবে।