শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশে আঘাত হানবে না: প্রতিমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মে 2022, 06:17 বিকাল • 635 বার পঠিত
ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশে আঘাত হানবে না: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই। আজ রোববার তিনি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন। 

এর মধ্যে আন্দামানে সৃষ্টি লঘুচাপটি ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে। দেশের প্রধান তিন বন্দর চট্টগ্রাম, পায়রা ও মোংলা এবং কক্সবাজার উপকূলকে আবহাওয়া অফিস ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়াবিদ এবং আন্তর্জাতিক আবহাওয়া অফিস ধারণা করছে, ঘূর্ণিঝড় অশনি ১২ মে সকালে বিশাখাপত্নম, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গ স্পর্শ করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি বলেন, এই অশনির প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হবে। কিন্তু এদেশে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে না। 

শেষ খবর হলো, ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল জানিয়েছেন, বর্তমানে বঙ্গোপসাগরে ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। ‘অশনি’র গতিপথ ভারতের উড়িষ্যার দিকে হলে এখনই বলা যাচ্ছেনা যে- এটি কোথায় আঘাত আনবে। এর গতিপথ পরিবর্তন হবে কিনা তাও বলা যাচ্ছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অশিনি’র গতিপথ ও এর অবস্থান সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষন করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হযয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।