শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘুমন্ত স্ত্রী-সন্তানদের পিটিয়ে হত্যা করেছেন লোকটি

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মে 2022, 08:04 রাত • 259 বার পঠিত
ঘুমন্ত স্ত্রী-সন্তানদের পিটিয়ে হত্যা করেছেন লোকটি

নরসিংদীর বেলাব উপজেলায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন শেখ নামের ওই গৃহকর্তা স্ত্রী ও সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন।

উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রাম থেকে রোববার সকালে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন গিয়াস উদ্দিনের স্ত্রী রাহিমা বেগম (৩৬) ও তাদের দুই সন্তান রাব্বি শেখ (১২) ও রাকিবা শেখ (৭)।

নরসিংদী পিবিআই এসপি এনায়েত হোসেন মান্নান জানান, হত্যার ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও একটি ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়েছে। 

এনায়েত হোসেন আরো জানান, আটক হওয়ার পর গিয়াস উদ্দিন শেখ জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গিয়াস উদ্দিন জানিয়েছেন, ঘুমন্ত থাকা স্ত্রী ও সন্তানদের তিনি পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

তিনি বলেন, গিয়াস উদ্দিনে কথার সূত্র ধরে বাড়ির পাশের একটি ডোবা থেকে ১৫ ইঞ্চি একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সেই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ক্রিকেট ব্যাটও উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, নিহত রাহিমা দর্জির কাজ করতেন। সকালে এক নারী পোশাক বানানোর কাজে রাহিমার বাড়িতে যান। দরজার নিচ থেকে তিনি রক্ত দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তখন অন্যরা উপস্থিত হন। ঘরে ঢুকে তারা লাশ দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দেন। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। 

৪৫ বছরের গিয়াস উদ্দিন শেখ গাজীপুরের কাপাসিয়ায় রঙের কাজ করেন। বেশিরভাগ সময় তিনি ওখানেই থাকেন। শনিবার সকালে তিনি গাজিপুর গিয়েছিলেন। রোববার সকালে স্ত্রী ও সন্তানদের নিহত হওয়ার খবর পেয়ে সকাল ১০টার দিকে বাড়ি ফেরেন। 

পিবিআই জানাচ্ছে, প্রথমে গিয়াস উদ্দিনকে তাদের সন্দেহ হয়নি। পরে তার মোবাইল ট্র্যাক করে জানা যায় যে হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হলে হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। মেখিকভাবে স্বীকার করে নেন হত্যার কথা। 

গিয়াস উদ্দিন পিবিআইকে বলেছেন, শনিবার রাতে গোপনে বাড়ি ফিরেছিলেন তিনি। এরপর রাতে স্ত্রী রাহিমা বেগমকে ঘুমন্ত অবস্থায় পেটান। পরে মেঝেতে ফেলে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করার পর পাশের কক্ষে গিয়ে ঘুমন্ত দুই সন্তানকে বিভিন্ন স্থানে ব্যাট দিয়ে পেটাতে থাকেন। এভাবে তাদের মৃত্যু নিশ্চিত করেন। হত্যাকাণ্ড শেষ করে দুই ঘরের দরজা লাগিয়ে তিনি চলে যান। 

গিয়াস উদ্দিনের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে ফাঁসানোর জন্য নিজের স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন তিনি।