গফরগাঁওয়ের ৩ মানবতাবিরোধীর যাবজ্জীবন
মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ৩ রাজাকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে পাঁচজনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একজনকে দেয়া হয়েছে খালাস।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও আবু আহমেদ জমাদার।
এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, সাহিদুর রহমান, জাহিদ ইমাম, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস শুকুর খান ও আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান, গফরগাঁওয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় মোট আসামি ছিলেন ১১ জন। মামলায় ২০১৮ সালের ৪ মার্চ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আদালত। তবে বিচার চলাকালীন মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার ও পলাতক থাকা অবস্থায় নুরুল আমিন শাজাহানের মৃত্যু হয়।