গেটম্যানের ঘুমে ঝরে গেল ১২ প্রাণ
শীতের সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন। এই সুযোগে ঘুমিয়ে ছিলেন রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান। রেলক্রসিং খোলা পেয়ে রেললাইনে উঠে পড়ে যাত্রীবাহী বাস। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রেন সজোরে আঘাত করে ওই বাসটিকে।
এতে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিতে প্রাণ হারান ১২ যাত্রী। আহত হন আরো ৬ যাত্রী। শনিবার সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেটম্যানের ঘুমের কারণেই প্রাণ গেল ১২ বাসযাত্রীর। এদিকে এই ঘটনার পরপরই উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুপুরের দিকে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও লাইচ্যুত ট্রেনকে সরালে দুপুর ২টা ৪৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওদিকে ঘটনার পরপরই স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাৎক্ষণিক রেল বিভাগ পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিম ইতিমধ্যে তাদের তদন্তকাজ সরজমিন এসে শুরু করেছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা প্রশাসক রেজা হাসানকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত টিমও গঠন করা হয়েছে।