শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গার্ডার দুর্ঘটনা : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

মোহাম্মদ খাইরুল আমিন • 17 আগস্ট 2022, 11:33 দুপুর • 317 বার পঠিত
গার্ডার দুর্ঘটনা : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকার উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার একটি প্রাইভেট কারের ওপর পড়ে এক পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ বুধবার আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।

শাহজাহান আকন্দ মাসুম বলেন, ‘‘রিটে নিহত প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা করে মোট পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে পরিবারের জন্য।’’

ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি বিআরটি গত পাঁচ বছরে চলমান উন্নয়ন প্রকল্পে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছে, সে বিষয়ে একটি প্রতিবেদন তলব করার আদেশ চাওয়া হয়েছে। 

উত্তরার জসীম উদ্দীন রোডের মাথায় প্যারাডাইস টাওয়ারের সামনে সোমবার বিকেলে বিআরটি প্রকল্পের একটি বক্সগার্ডার ট্রেইলারে তোলা হচ্ছিল। তখন ভারসাম্য হারায় ক্রেন। বিপুল ওজনের কংক্রিটের গার্ডারটি সড়কে চলমান একটি প্রাইভেট কারের ওপর আছড়ে পড়ে।

ওই গার্ডারের চাপে মুহূর্তে চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। তাতে গাড়ির ভেতরেই মৃত্যু হয় পাঁচজনের। গাড়িতে থাকা বাকি দুজনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। 

এই ঘটনায় নিহতদের পরিবার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছে। 

গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ বন্ধ থাকবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।