গালওয়ানে ৯ কিলোমিটারের মধ্যে চীনের ১৬ সেনা ছাউনি
গালওয়ান উপত্যকার নতুন উপগ্রহচিত্রে ফের পরিবর্তন ধরা পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের সংগ্রহ করা সর্বশেষ উপগ্রহচিত্রে গালওয়ান নদীর তীরে কালো ত্রিপলে ঢাকা সেনা ছাউনির উপস্থিতি পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) এসব সেনা ছাউনি চীনের পিপল’স লিবারেশন আর্মির। এই সেক্টরে এলএসির ৯ কিলোমিটারের মধ্যে কমপক্ষে ১৬টি চীনা ক্যাম্পের অবস্থান ধরা পড়েছে উপগ্রহচিত্রে।
গত ২২ জুনের উপগ্রহচিত্রে গালওয়ানে চীনের তৈরি পাকা কাঠামোর খোঁজ পাওয়া গিয়েছিল। এবার নতুন করে কালো ত্রিপরে ঢাকা সেনা ছাউনির ছবি মিলল, যা আগে ছিল না। তার মানে চীন সেনা মোতায়েন বাড়িয়েই চলেছে।
এদিকে পূর্ব লাদাখে সব রকম খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে পৌঁছে গিয়েছে ৪৫ হাজার সেনা, টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, জমি থেকে আকাশমুখী ক্ষেপণাস্ত্র। বসেছে এয়ার সার্ভেল্যান্স সিস্টেম। তবে দিল্লির সামরিক নীতি হলো, নিজে থেকে আগ্রাসী পদক্ষেপ নয়। তবে খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে সাজসরঞ্জামে যাতে ঘাটতি না হয়, তার ব্যবস্থা করে রাখা।