গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে ভয়াবহ আগুন
টঙ্গী হাজির মাজারের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে টঙ্গী দমকল বাহিনীর চারটি ও উত্তরা এবং কুমিটোলার পাঁচটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বস্তিবাসীরা জানান, ভোর ৪টার দিকে ওই বস্তিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুর্হূতের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। বস্তির অধিকাংশ ঘর কাঠ, বাঁশ ও টিনের তৈরি হওয়ায় আগুনের তীব্রতা বেশি হয়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, আমার চারটি এবং উত্তরা এবং কুর্মিটোলার পাঁচটিসহ মোট নয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।