গাজীপুরে ভয়াবহ বিস্ফোরণে ২ রেস্তোরাঁ বিধ্বস্ত, আহত ১৮
এ ঘটনায় একটি বেসরকারি ব্যাংকসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের দেয়াল ও আসবাব ভেঙেচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিস্ফোরণে ব্যাংকের মেঝে উড়ে যাওয়ায় এবং ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় রবিবার আইএফআইসি ব্যাংকের ওই শাখার কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকেই ব্যাংকের ভল্ট ও অন্যান্য কাগজপত্র টঙ্গী শাখায় সরিয়ে নেওয়া হয়।
বিস্ফোরণের ব্যাপকতা এতটাই ছিল যে ওই দুই রেস্তোরাঁর দেয়াল, পাকা সিঁড়ির অংশবিশেষ, সামনের ড্রেনের ওপর থাকা কংক্রিটের বিশাল স্লাব, শাটার, সিলিং ফ্যান, চেয়ার-টেবিল, জানালার গ্রিলগুলো উড়ে গেছে। এগুলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পেরিয়ে প্রায় দেড় শ গজ দূরে হাজি মোহর খান মসজিদের সামনে গিয়ে পড়েছে। বিক্ষিপ্ত কংক্রিটের আঘাতে ভেঙে গেছে মসজিদের মিনারে (৬ তলায়) থাকা মাইক। ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে পাঁচতলা ওই মসজিদসহ আশপাশের ভবনের কাচ। ঘটনার পর খুঁটি হেলে পড়ে এবং তার ছিঁড়ে ওই এলাকা বিদ্যুত্হীন হয়ে পড়ে।