গাজীপুরে ভয় ও হয়রানির ছায়া, জমি দখলের অভিযোগ
গাজীপুরের বাসিন্দা ও উদ্যোক্তারা বর্তমানে চরম আতঙ্কে জীবনযাপন করছেন। অভিযোগ উঠেছে, প্রভাবশালী ব্যক্তি ডাঃ সামনুন তাহা সরকারি শক্তিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে এলাকায় আধিপত্য কায়েম করেছেন। তিনি নিজেকে প্রধান উপদেষ্টা ডঃ ইউনুছের আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে নানা কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছেন বলে স্থানীয়দের দাবি।
বেশ কিছু ব্যবসায়ী জানিয়েছেন, ডাঃ তাহার প্রতিষ্ঠানে জমি হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে প্রশাসনের মাধ্যমে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তর, রাজস্ব বিভাগ এবং পুলিশসহ সরকারি বিভিন্ন সংস্থার সাহায্যে এই হয়রানি চালানো হয়। পাশাপাশি, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে “তাহা বাহিনী” এলাকায় নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
সবচেয়ে আলোচিত ঘটনা হলো গাছা এগ্রোর বিরুদ্ধে ৫১ লক্ষ টাকার জরিমানা আর রাতারাতি ২৫০টি গাছ কেটে ফেলার ঘটনা। স্থানীয়রা মনে করছেন, ডাঃ সামনুন তাহা ‘ভূমি সিন্ডিকেট’ পরিচালনা করছেন, যাদের উদ্দেশ্য হলো ভয়-ভীতি দেখিয়ে জমি দখল করা।
পরিবেশকর্মী ও সাধারণ জনগণ এই পরিস্থিতিতে প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা বলছেন, “যদি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা তাদের আত্মীয়স্বজন এইভাবে ক্ষমতা ব্যবহার করে, তাহলে ন্যায়বিচার ও সুশাসনের স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হবে?”