গাজীপুরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর মহানগরীতে ১৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সাথে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস গাজীপুর অফিস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে এসব সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল, একাত্তর গলি, তেলিপাড়া ও বারবৈকা এলাকায় সোমবার অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উক্ত এলাকার ৬টি স্পটে অবৈধভাবে স্থাপিত সাড়ে ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৫০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এতে প্রায় ৭০০ বাড়ির আনুমানিক ১৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।