গাজীপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 জুলাই 2022, 10:47 দুপুর
•
506 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ের সময় শ্রমিক বহনকারী বাসে ট্রেনের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এতে আরো ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানিয়েছেন,আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় শ্রমিক বহনকারী বাসে ধাক্কা দেয়।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় একজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।