শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মার্চ 2025, 02:14 দুপুর • 254 বার পঠিত
গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

গাজীপুরের সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চার ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছেন পোশাক শ্রমিকরা।

ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বুধবার সকাল ৮টার দিকে এ অবরোধ শুরু করেছিলেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা।

পরে বেলা ১২টার দিকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে সড়ক থেকে সরে যান বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।

নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে অটোরিকশা ও ট্রাক চাপায় তাদের সহকর্মী তামান্না নিহত হয়েছেন।

এ ঘটনায় দ্রুত ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন তারা।

শ্রমিকদের দাবির মধ্যে ছিল,নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দেওয়া, ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা পর্যন্ত করা এবং বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া ও ইফতারের পর কোনো ডিউটি না করা।

এছাড়া ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করাসহ অতিদ্রুত পর্যাপ্ত পরিমাণে ফেস পাঞ্চ মেশিন বাড়ানোর ব্যবস্থার দাবি জানান তারা।

এদিকে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ও চালকরা চরম দুর্ভোগে পড়েছিলেন। অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

ওসি আব্দুল হালিম জানান, পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে যান।

শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।