শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ২ পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

অনলাইন নিউজ পোর্টাল • 05 আগস্ট 2021, 05:25 বিকাল • 249 বার পঠিত
গাজীপুরে ২ পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

গত তিন দিন যাবৎ গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকার ক্রসলাইন নিট ফেব্রিক ও দারাইল এলাকার এস অ্যান্ড পি বাংলা লিমিটেডে শ্রমিক বিক্ষোভ চলছে । বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

টঙ্গীর প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানায়, গত কয়েক দিন টঙ্গীর ভাদাম এলাকার ক্রসলাইন নিট ফেব্রিক লিমিটেড কারখানার ১০ শ্রমিককে কর্তপক্ষ ছাঁটাই করে। তাদের ফিরিয়ে নেয়ার দাবিতে সহকর্মী শ্রমিকেরা গত তিন দিন ধরে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে আসছিল। বৃহষ্পতিবার ওই দাবির প্রেক্ষিতে উৎপাদন বন্ধ রেখে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করে। এ সময় ভাদাম-টঙ্গী আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বিক্ষোভ থামাতে ও সড়ক থেকে সরে যেতে পুলিশ অনুরোধ জানায়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের সাথে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প, মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা কমপক্ষে ৬০ রাউন্ড টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। শ্রমিকদের ইটপাটকেলে পুলিশের ছয় এবং আনসার বাহিনীর তিন সদস্য আহত হন। তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে শ্রমিক আহতের কোনো ঘটনা নেই। ঘটনার পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছেন।