গাজায় লাগাতার হামলা চালানোয় ইসরায়েলকে হুঁশিয়ারি দিল হামাস
গাজা উপত্যকায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল গাজার উপর স্থল এবং আকাশপথে লাগাতার হামলা চালানোর পর হামাস এই হুঁশিয়ারি দিল।
শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, তেলআবিব যেভাবে অবরুদ্ধ গাজার ওপর হামলা চালাচ্ছে এবং অবরোধ আরোপের মাধ্যমে এখানকার জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। পাশাপাশি হামাসের স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে তার দায়ভার তাদেরকে বহন করতে হবে এবং এর মূল্য দিতে হবে।
গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা গাজার ওপর জঙ্গিবিমান ও কামানোর সাহায্যে দফায় দাফায় হামলা চালিয়ে অবরুদ্ধ এ উপত্যকার জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। ইসরায়েল বারবার একই দাবি করছে যে, গাজা থেকে আগুনে বেলুন হামলার জবাবে ইসরায়েলি সেনারা বিমান ও কামান হামলা চালাচ্ছে। এ অবস্থায় হামাস বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ শুরু করতে মোটেও দ্বিধা করবে না।