গাজায় খাদ্যের নিরাপত্তাহীনতায় ৭৩ শতাংশ পরিবার
এক যুগেরও বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধের মুখে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। দখলদারিত্বের অবসান ও নিজ ভূমিতে ফেরার দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায়ই বিক্ষোভ করতে দেখা যায় সাধারণ ফিলিস্তিনিদের। নিরস্ত্র ফিলিস্তিনিদের এ বিক্ষোভ দমাতে ইসরায়েলি বাহিনী গুলি ছোড়ে। এতে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনের বাসিন্দারা। তবে এবার ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে গাজার খাদ্য সমস্যা। বলা হচ্ছে, অঞ্চলটির ৭৩ শতাংশ পরিবার খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে।
এক বিবৃতি থেকে জানানো হয়েছে, বেসামরিক কর্মচারীদের বেতন পরিশোধে বিলম্ব এবং নগদ ও মানবিক সহায়তার সমস্যা হওয়ায় ৭৩ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতা ভুগছে। এই সংকট তৈরি হওয়ার পেছনে করোনা মহামারিরও প্রভাব রয়েছে।
করোনার কারণে চলমান ভয়াবহ পরিস্থিতির আলোকে বাণিজ্যিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর। বর্তমানে হাজার হাজার পরিবার শোচনীয়ভাবে জীবনযাপন করছে। গাজায় পরিবারগুলোর পাওয়া খাবারের মানের ও পরিমাণ কমে গেছে।
গাজায় ১৩ বছরের ইসরায়েলি অবরোধের কারণে কমপক্ষে ৭৩ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। খুব শিগগিরই খাবার সংকট প্রকট হতে যাচ্ছে অঞ্চলটিতে।