শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১০৪

মোহাম্মদ খাইরুল আমিন • 30 জুলাই 2025, 11:56 রাত • 326 বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১০৪

গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৯৯ জন আহত হয়েছেন। একই সময়ে অপুষ্টিজনিত কারণে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় হতাহতদের অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে, তবে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

বিবিসির বরাতে হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে চালানো এক হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল সীমান্তে হামলার পর পাল্টা অভিযানে গাজায় ইসরায়েলি সামরিক হামলা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বুধবার পুষ্টিহীনতার কারণে মারা যাওয়া ৭ জনের বেশিরভাগই শিশু। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে খাদ্যাভাবে মোট মৃত্যু হয়েছে ১৫৪ জনের, যার মধ্যে ৮৯ জনই শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, শুধু জুলাই মাসেই গাজায় অপুষ্টিজনিত কারণে ৬৩ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ।

ডব্লিউএইচও’র এক বিবৃতিতে বলা হয়েছে, “এদের অধিকাংশকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়, কিংবা হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা যায়। তাদের শরীরে মারাত্মক অপুষ্টির লক্ষণ ছিল।”

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গাজায় অবাধে ত্রাণ প্রবেশের ওপর জোর দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাকেইন বলেন, “আমরা পদক্ষেপ নিতে যত বেশি সময় নিচ্ছি, মৃত্যুর মিছিল ততই দীর্ঘ হচ্ছে।”