শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মার্চ 2025, 11:56 রাত • 286 বার পঠিত
গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত

গাজায় ইসরায়েলের সামরিক হামলায় তিন দিনে নিহত হয়েছে ২০০ শিশুসহ ৫০৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ৯০৯ জন। গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইসরায়েল এই হামলা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার ভোররাত থেকে গাজাজুড়ে ইসরায়েলের আক্রমণে প্রাণ হারিয়েছে নবজাতকসহ অন্তত ৯১ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ‘কুদস নিউজ নেটওয়ার্ক’ জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়।

গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ার আস-সুলতান এলাকায় একটি পরিবারের বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৭ জন। আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজম গাজা শহরের কেন্দ্র থেকে জানান, “ইসরায়েলি হামলা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তীব্র হয়েছে, বিশেষ করে ভোরের দিকে। অন্তত ১১টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে।”

তিনি আরও বলেন, “আজকের (বৃহস্পতিবার) হামলায় এক নবজাতকসহ বেশ কয়েকজন শিশু ও নারী নিহত হয়েছে।”

ইসরায়েলি বাহিনীর সর্বশেষ এই হামলা শুরু হয় মঙ্গলবার, যখন প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে, তারা পূর্ণ শক্তি নিয়ে হামলা চালাবে।

এই ঘোষণার পর হামলার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের এক বিদেশি কর্মী নিহত হন এবং আরও পাঁচজন আহত হন। জাতিসংঘের মানবিক সাহায্য প্রধান টম ফ্লেচার এই হামলাকে “বিপর্যয়কর” বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক আইনের আওতায় জাতিসংঘের কর্মীদের ওপর হামলা নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থার কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি জানান, গত কয়েক দিনে সংস্থাটির পাঁচজন কর্মী নিহত হয়েছেন।

এই হামলার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কড়া সমালোচনা করে বলেন, “আমি গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রচণ্ড ক্ষুব্ধ।” তিনি অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।