শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 20 মার্চ 2025, 07:25 বিকাল • 290 বার পঠিত
গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ হয়েছে। বুধবার কাইয়াও স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নাগরিক সমাজ সংগঠনগুলোর আহ্বানে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। স্পেনের বিরোধী দল পোদেমোস (Podemos) এই আন্দোলনের প্রতি সমর্থন জানায়।

বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের দাবি জানান। যদিও স্পেন সরকার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে তারা ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে, তবে সোলিডারিটি নেটওয়ার্ক অ্যাগেইনস্ট দ্য অকুপেশন অব প্যালেস্টাইন (RESCOP) দাবি করেছে, স্পেন এখনো ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

বিদেশি বাণিজ্য সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে স্পেন ইসরাইলে ২২,৭৩০ ইউরো মূল্যের কামান ও রকেট লঞ্চারের যন্ত্রাংশ রপ্তানি করেছে এবং ২.১৫ মিলিয়ন ইউরো মূল্যের বোমা ও গ্রেনেড আমদানি করেছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, সান সেবাস্তিয়ানসহ স্পেনের অন্যান্য শহরেও ইসরাইলবিরোধী প্রতিবাদ কর্মসূচি চলবে।

উল্লেখ্য, ইসরাইল ১৮ মার্চ থেকে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে, যাতে এখন পর্যন্ত ৭১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ।