শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2025, 12:00 রাত • 125 বার পঠিত
গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর করতে মিসরের কায়রোতে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার শুরু হওয়া এই আলোচনা মধ্যস্থতাকারীদের আশা অনুযায়ী, দীর্ঘমেয়াদে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করবে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আলোচনার জন্য ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কায়রোতে উপস্থিত রয়েছেন। মিসর সরকার পূর্বের সমঝোতার বাস্তবায়নের প্রচেষ্টায় অংশগ্রহণকারী পক্ষগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালাচ্ছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হতে চলেছে, এবং এর অংশ হিসেবে হামাস ইসরায়েলের কাছে শতাধিক বন্দী বিনিময়ের মাধ্যমে চার জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে এবং এই হস্তান্তরের করার পর ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠিয়েছেন।

এ আলোচনা শুরু হওয়ার একদিন আগে, ইসরায়েল নিজেদের ‘সম্পূর্ণ ব্যর্থতা’ স্বীকার করেছে, বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে তাদের অক্ষমতার বিষয়টি সামনে আসে। ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে এবং তার পরিপ্রেক্ষিতে এক সেনা কর্মকর্তা স্বীকার করেছেন যে হামাসের সামরিক সক্ষমতা সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল এবং তারা অতি আত্মবিশ্বাসী ছিল। তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনী এই হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেছে এবং সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি গত মাসে পদত্যাগ ঘোষণা করেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২১৮ জন নিহত হয়েছিল, এবং এর পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।