শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে কায়রোতে আলোচনা

মোহাম্মদ খাইরুল আমিন • 28 ফেব্রুয়ারি 2025, 03:49 দুপুর • 187 বার পঠিত
গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে কায়রোতে আলোচনা

গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মিসরের কায়রোতে এ আলোচনা শুরু হয়। মধ্যস্থতাকারীরা আশা করছেন, এই আলোচনার মাধ্যমে গাজার দীর্ঘমেয়াদি যুদ্ধের অবসান হবে।

এ আলোচনা শুরু হয় ইসরায়েলের সামরিক বাহিনী ২০২৩ সালের হামাস হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করার এক দিন পর। আলোচনায় ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মিসরের স্টেট ইনফরমেশন সার্ভিস জানায়, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনা করছে।

প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল শনিবার শেষ হতে চলেছে। এর অংশ হিসেবে হামাস বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে চার জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে, এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান।


 ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২১৮ জন নিহত হন (এএফপির তথ্য)। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় হামলা চালায়, যেখানে ৪৮,০০০-এর বেশি মানুষ নিহত হন (গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়)।


 ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি বলেন, ‘এ দায় আমার।’ ব্যর্থতার দায় নিয়ে তিনি ইতোমধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন।