গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ বান্ডিলের আঘাতে ৫ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 মার্চ 2024, 12:37 দুপুর
•
579 বার পঠিত
দুর্ভিক্ষের মুখে থাকা যুদ্ধবিধ্বস্ত, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ প্যাকেজের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছে।
গতকাল শুক্রবার গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ঘটা এ ঘটনাটিতে আরও ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা এসব তথ্য জানিয়েছেন।
শুক্রবার পা্ওয়া এক ভিডিওর বরাতে সিএনএন জানিয়েছে, একটি ত্রাণ প্যাকেজের উপরে থাকা প্যারাসুট না খোলায় ঘটনাটি ঘটে যায়। ত্রাণের বান্ডিলটি অত্যন্ত দ্রুত গতিতে নিচে থাকা মানুষের ওপর এসে পড়ে। গাজা সিটির পশ্চিমাংশের আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।
সাংবাদিক খাদের আল জানুন সিএনএনকে জানান, এদিন তিনি বিমান থেকে আল শাতি শিবিরে ত্রাণ প্যাকেজ ফেলতে দেখেছেন। তবে কোন দেশের বিমান সেগুলো ফেলেছে তা নিশ্চিত হতে পারেননি।