গাজার রাফাহকে বিচ্ছিন্ন করতে ইসরায়েলের মোরাগ করিডোর বাস্তবায়ন
ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে বিচ্ছিন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। শহরটিকে গাজার অন্যান্য অংশ থেকে আলাদা করে ফেলার উদ্দেশ্যে ‘মোরাগ করিডোর’ নামে একটি করিডোর নির্মাণ সম্পন্ন করেছে ইসরায়েল। এর ফলে রাফাহ কার্যত গাজার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসকে পৃথক করার লক্ষ্যেই দক্ষিণ গাজায় এই করিডোর নির্মাণ করা হয়েছে। আইডিএফ আরও দাবি করেছে, গত দেড় সপ্তাহের সামরিক অভিযানে তারা হামাসের বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গসহ হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করেছে।
এ প্রসঙ্গে কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রবার্ট গিস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, মোরাগ করিডোর আসলে হামাসকে সীমাবদ্ধ করার উদ্দেশ্যে ও গাজাকে নিয়ন্ত্রণ করার দীর্ঘমেয়াদী ইসরায়েলি কৌশলের অংশ।