শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ র‍্যালি

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2025, 06:41 বিকাল • 154 বার পঠিত
গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ র‍্যালি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ র‍্যালি করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই প্রতিবাদ মিছিল অন্য যেকোনো সভার চেয়ে অস্বাভাবিকভাবে বড় হয়েছে। বিএনপির পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মানুষও এতে অংশ নিয়েছেন।” তিনি আরও বলেন, “ফিলিস্তিনে যা ঘটছে, তা বিশ্ব মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইহুদিবাদীরা এতটা সাহস দেখাতে পারত না।”

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “বিশ্বের কিছু পরাশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে বহু আগেই ফিলিস্তিনে গণহত্যা শুরু হয়েছে। অথচ মুসলিম বিশ্বের নেতৃত্ব আজ নীরব। বিশ্বব্যাপী প্রতিবাদ হলেও কার্যকর কোনো উদ্যোগ নেই।” তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্র কিনে বিরোধী দলের ওপর নিপীড়ন চালাচ্ছে।”

নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই ফিলিস্তিনের সংগ্রামের পক্ষে অবস্থান নিয়েছে। আজ গাজা যেন একটি অবরুদ্ধ খাঁচা, যেখানে নারী ও শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই বর্বরতা রোধে আন্তর্জাতিকভাবে কার্যকর উদ্যোগ জরুরি।”

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ফিলিস্তিনে যুগের পর যুগ ধরে নারকীয় হত্যাযজ্ঞ চলছে। জাতিসংঘসহ বিশ্ব নেতারা কার্যত নিষ্ক্রিয়। বাংলাদেশের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু দেশের বুদ্ধিজীবীরা নীরব। এটি অত্যন্ত দুঃখজনক।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় ছিলেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, আমিনুল হক, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ছিল বিএনপির নেতা-কর্মীদের প্রতিবাদী স্লোগান, প্ল্যাকার্ড, ফিলিস্তিনের পতাকা ও কালো ব্যানার। স্লোগানে মুখর ছিল—‘ইসরায়েলি পণ্য বয়কট করো, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’।

বিএনপির নেতারা জানান, এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দেওয়া হয়েছে—বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পাশে।