শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর মৃত্যুদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মার্চ 2022, 07:28 বিকাল • 362 বার পঠিত
গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর মৃত্যুদণ্ড

মাদক আইনে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চার বছর আগে গাইবান্ধায় আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন ওই নারী। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত পারভিন ওরফে শায়লা (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক ওই নারীকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন। 

অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলাটি থেকে চারজনকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বরাত থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর বিকেলে কয়েকজন মাদক বিক্রেতা হেরাইন দিনাজপুরের হিলি বন্দর থেকে বাসে করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মোড়ে পুলিশ বাসটিকে থামানোর জন্য নির্দেশ দিলে কয়েকজন জানালা দিয়ে পালিয়ে যায়।

এর পর বাস থেকে নামার সময় সন্দেজনক হিসেবে পারভিনকে ধরা হয়। তার হাতের ব্যাগ তল্লাশি করে তার মধ্যে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। 

পরে গোবিন্দগঞ্জ থানায় পারভিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।