গাইবান্ধায় হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে
গাইবান্ধায় সদ্য লাগানো কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। শীতের সময়ের বৃষ্টির ফলে কৃষকরা চরম বিপাকে পড়েছেন।
ধান ক্ষেতে পানি বেশিদিন জমে থাকলে ধান গাছের গোড়া পঁচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
রবিবার (০৬ ফেব্রুয়ারি ২০২২) বিকেলে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাজার-হাজার হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নিচু জমির বোরো ধান তলিয়ে গেছে। সরিষা, আলুসহ বিভিন্ন রবি শস্যও নষ্ট হয়ে গেছে। দ্রুত পানি অপসারণ না হলে ইঞ্জিনচালিত মেশিন দিয়ে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন চাষিরা।
গাইবান্ধার এক কৃষক রাকিব মিয়া (৫৫) বলেন, বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বোরো রোপনের উপযুক্ত সময়। কৃষকরা এখন জমি তৈরি ও রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টি থামে শনিবার রাতে। বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গত সপ্তাহে একবিঘা জমিতে বোরো রোপন করেন এক কৃষক। এতে চারা, শ্রমিকসহ খরচ হয় তিন হাজার টাকা। কিন্তু একদিনের বৃষ্টিতে সেই জমি হাটুপানিতে ডুবে গেছে।
কৃষকরা বোরো ধান চাষের উপর নির্ভরশীল। বোরো ধানের চাষাবাদ করে তাদের সংসার চলে। তিনি বলেন, এবার অনেক আশা নিয়ে চারবিঘা জমিতে বোরো রোপন করেন। কিন্তু বৃষ্টির পানিতে সব জমির ধান তলিয়ে গেছে।