ফ্যাসিস্টের মুখাকৃতি পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত প্রতীকী ফ্যাসিস্টের মুখাকৃতি ও কবুতরের মোটিফে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের অংশ হিসেবে চারুকলা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মিলিতভাবে শোভাযাত্রার জন্য বিভিন্ন প্রতীকী মোটিফ তৈরি করেন। এর মধ্যে ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি এবং কবুতরের মোটিফও।
১২ এপ্রিল ভোরে কে বা কারা ফ্যাসিস্টের প্রতীকটিতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।