ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুন ছড়িয়ে পড়ার পর পাশের বাসার পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে। ফতুল্লা পাইলট স্কুলের পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় দগ্ধরা হচ্ছেন মো. আনোয়ার হোসেন (৪০), রোজিনা আক্তার (৩৫), রোমান (১৭), ও রোহান (৯)।
ফতুল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলম হোসেন বলেন, ভোরে কাউসার মিয়ার বাড়িতে গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন ধরে যায়। সেই আগুন পাশের সেমিপাকা টিনশেড ঘরের ভাড়াটে আনোয়ার হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আনোয়ার হোসেনের পরিবারের চারজন দগ্ধ হন।
অগ্নিদগ্ধ আনোয়ার হোসেন নিজে জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে গ্যাসের বুদবুদ শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরে হঠাৎ একটি শব্দ হয়ে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো কক্ষে আগুন লেগে গেলে তারা সবাই দগ্ধ হন।
বাড়ির মালিক কাউছার আহমেদের দাবি, আনোয়ার সিগারেট খান। খাওয়ার পর সিগারেটের শেষ অংশ ফেলে দিলে তা থেকে আগুনের সূত্রপাত হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, অগ্নিদগ্ধদের মধ্যে আনোয়ার ১৭ শতাংশ, রোজিনা ২৪ শতাংশ, তার ছেলে রুহান ৩৫ শতাংশ ও রোমান ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রোমান শঙ্কামুক্ত। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।