শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৮

অনলাইন নিউজ পোর্টাল • 21 মার্চ 2021, 11:59 দুপুর • 821 বার পঠিত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৮

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন নারীসহ ছয়জন। আর ভাঙ্গার গোলচত্বর ফ্লাইওভারে প্রাইভেটকারের সাথে সংঘর্ষে মোটর সাইকেলের দু’জন আরোহী নিহত হয়েছেন।

এছাড়া মধুখালীতে দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরো ১০ যাত্রী।

 

রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় একটি মাইক্রোবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফরিদপুরের মল্লিকপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ রাসেল জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। আহত হয় মাইক্রোবাসের আরো ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো চারজন।

তিনি আরো জানান, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা গোলচত্বর ফ্লাইওভারে মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন ভাঙ্গার সদরদি চৌধুরীকান্দা গ্রামের শফিকুল খানের সাকিল খান (২০) ও হোগলাডাঙ্গি গ্রামের আবু তালেবের ছেলে নাইমুর রহমান।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে নিয়ম ভেঙ্গে একটি মোটরসাইকেল বিপরীতদিকে থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা খায়। এতে দু’জন নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া প্রাইভেটকারটিও থানায় জব্দ করা হয়েছে।