শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফরিদপুর মেডিকেল কলেজে পরিচালকের কক্ষে নার্সদের বিক্ষোভ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মার্চ 2022, 04:38 দুপুর • 266 বার পঠিত
ফরিদপুর মেডিকেল কলেজে পরিচালকের কক্ষে নার্সদের বিক্ষোভ

করোনা ভাইরাস মহামারীর সময়ে ঘোষিত প্রণোদনার টাকা এখনো তারা পাননি। উল্টো টাকা বিতরণ না করে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে বিক্ষোভ করেছেন নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারীরা।

আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা হাসপাতালটির পরিচালক মো. সাইফুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন। পরে স্বাধীনতা পরিষদের সভাপতি আব্দুল জলিলের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে ফিরে যান বিক্ষোভকারীরা। আব্দুল জলিল জানান, ১০ দিনের সময় নেওয়া হলে বিক্ষোভকারীরা কাজে ফিরে যান। 

হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আফসানা আক্তার সান্তা খুব ক্ষুব্ধ। তিনি বলেন, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে গেছেন যারা তাদের জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি ৬০ লাখ টাকা প্রতিষ্ঠানটির অনুকুলে গত জুলাইয়ে বরাদ্দ হয়। 

তার অভিযোগ, তাদের পরিচালকের খামখেয়ালির কারণে সেই টাকার মধ্যে এক কোটি টাকা ফেরত চয়ে যায়। তাই এই পরিচালকের অপসারণের পাশাপাশি নিজেদের যোগ্য পাওনার দাবি জানান তিনি। 

এ প্রসঙ্গে পরিচালক সাইফুর রহমান বলেন, টাকা বরাদ্দ পাওয়ার পর তারা একটি কমিটি গঠন করেন। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় যে প্রয়োজনীয় অর্থ নেই। এই খবরেই কিছু স্টাফ বিক্ষোভ করেছে। 

তিনি জানান, প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তার আশা, শিগগিরই বিষয়টির সমাধান হবে।