ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 আগস্ট 2025, 10:46 রাত
•
353 বার পঠিত
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে দল।
সোমবার তার আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। তবে ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে ৭ দিন সময় চাওয়া হলেও দল তাকে মাত্র ২৪ ঘণ্টা সময় বাড়িয়েছে বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।
এর আগে, রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছিল।
ফলে আজ (সোমবার) সন্ধ্যার মধ্যে শোকজের জবাব দেওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সময় পেলেন ফজলুর রহমান।