ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ালেন তরিকত ফেডারেশন
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিন জনগণের জন্য আর্থিক অনুদান হস্তান্তর করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়ে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন।
বুধবার ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের সঙ্গে দেখা করে অনুদানের অর্থ ও চিঠি তুলে দেন তরীকতের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
তিনি বলেন, “ফিলিস্তিনি নারী, শিশু, নিরীহ জনগণের আর্তনাদ, রক্তের স্রোত আমরা আর দেখতে চাই না, অবিলম্বে এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জাতিসংঘের প্রতি জোর দাবি জানাচ্ছি।
“ইসরাইলের সন্ত্রাসী হামলায় নিহত নারী, শিশু ও জনগণের যথাযথ অধিকার আদায়ের জন্য জাতিসংঘ, ওআইসিসহ মুসলিম বিশ্বের কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ এবং তরীকত ফেডারেশন ফিলিস্তিনের পাশে আছে জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন নজিবুল বশর।