ফেসবুক পোস্ট নিয়ে বাগেরহাটে হিন্দু বাড়িতে হামলা
ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট করার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেমবার রাতে এই ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের ওই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে নতুন কোনো বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের ২৩ বছর বয়সী ওই যুবক পুলিশ হেফাজতে আছেন।
মোরেগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহঙ্গীর আলম জানান, ওই যুবক ভারতে অবস্থান করছিলেন সপ্তাহ খানেক আগে। সেখান থেকে তিনি ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে কটুক্তি করে একটা পোস্ট দেন। সম্প্রতি যুবক দেশে ফিরলে তার ওই পোস্ট নিয়ে স্থানীয়তের মধ্যে উত্তেজনা ছড়ায়।
সোমবারই বিষয়টি মিমাংসা করার জন্য স্থানীয় লোকজন বৈঠকে বসে। যুবক ক্ষমা চাইলে সব মিটমাটও হয়ে যায়। কিন্তু একদল লোক রাত ৮টার দিকে ওই যুবকের শাস্তির দাবি নিয়ে মিছিল করে তোর বাড়িতে হামলা করে। ভাঙচুর চালায়। এই সময় একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয় বলেও জানা যায়।
পুলিশ সূত্র জানাচ্ছে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।