ফের তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বাড়ছে। আজ সোমবার দুপুরে লালমনিরহাটের দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির কারনে লালমনিরহাটের সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তিস্তা অববাহিকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।
আজ সোমবার দুপুর থেকে আবারও তিস্তার পানি বাড়তে শুরু করে। ভারতের গজলডোবা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়ায় বাড়তে থাকে তিস্তার পানি। যা ক্রমেই বৃদ্ধি পেয়ে বিকেল ৪টায় ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলো।
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে-সাথেই হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী ও ডাউয়াবাড়ী ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈলমারী, নোহালী, চর বৈরাতী, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোরবর্ধন, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, গোকুন্ডা ও তিস্তা এলাকার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দ্বিতীয় দফায় তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আজ সোমবার বিকেলে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে বলে জানান তিনি।