ফের এক টেবিলে শামীম-আইভী, এবারও কথা বললেন না
এক সপ্তাহের মধ্যে আবারও নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভী একই ইফাতার মাহফিলে। ফের তাদের বসার জায়গা হয়েছিল একই টেবিলে। কিন্তু আগেরবারের মতো এবারও দুজনের কেউ কারো সঙ্গে কথা বললেন না।
অবশ্য এবার বক্তব্য দেওয়ার সময় শামীম ওসমান ‘ছোট বোন’ হিসেবে আইভীকে সম্বোধন করেছেন। এমনটা অবশ্য তিনি সবসময় করে থাকেন।
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ডিসি মঞ্জুরুল হাফিজের সরকারি বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভী।
শামীম ওসমান তার বক্তব্যের শুরুতে যারা গণ্যমান্য উপস্থিত আছেন তাদের নাম নেওয়ার পাশাপাশি আইভীর কথা বলেন এভাবে, ‘আমার ছোট বোন মেয়র (সেলিনা হায়াৎ আইভী) ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন ’
এর আগে গত রোববার নারায়ণগঞ্জের জেলা পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে এই ইফতারের আয়োজন করা হয়। দুজনের বসার ব্যবস্থা হয়েছিল একই টেবিলে। কিন্তু কেউ কারো সঙ্গে সেদিনও কথা বলেননি।
তারা একই দলে রাজনীতি করেন। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক কতোটা তিক্ত তা সবার জানা। আইভী ও শামীম ওসমানের কখনো বনে না। বিভিন্ন সময়ে স্থানীয় পর্যায়ে নানা অপ্রীতিকর ঘটনার জন্ম নিয়েছে তাদের মধ্যে। কখনো তা জাতীয় পর্যায়েও গড়িয়েছে। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি। শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
গত বছর অবশ্য একটু ভিন্ন ঘটনা ঘটেছিল। ওই বছরের ২৫ জুলাই আইভীর মা মমতাজ বেগম মারা যান। এর পর ২৭ জুলাই শহরের দেওভোগ চুনকা কুটিরের বাড়িতে গিয়ে আইভী রহমানকে সান্ত্বনা দিয়েছিলেন শামীম ওসমান।