ফের বাড়ল এলপি গ্যাসের দাম
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 এপ্রিল 2022, 05:15 বিকাল
•
803 বার পঠিত
দেশের বাজারে গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করার নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬ টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে নার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।
এদিকে জানা যায় গত মাসের ৩ তারিখে এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছে। একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।
গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।