ফের আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র-ইরান, তারিখ ঠিক হয়নি: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরান শিগগির আবারও আলোচনা করতে আগ্রহী। তবে দ্বিতীয় দফা বৈঠকের স্থান বা তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের কর্মকর্তারা আশা করছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় একটি বড় অগ্রগতি আসতে পারে।
হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইসলামাবাদ।
এই আশাবাদের খবর আসে, যখন সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দল তেহরান সফর করছিলেন।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, তারা ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দিতে সেখানে গিয়েছেন।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলছেন, বর্তমানে কার্যকর দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। শান্তি আলোচনার জন্য লেবাননে শান্তি অপরিহার্য।
সূত্র: আল-জাজিরা