শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফেঁসে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2020, 12:34 দুপুর • 300 বার পঠিত
ফেঁসে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল

ঢাকার ইউনাইটেড হাসপাতালে আগুনে করোনা আইসোলেশন সেন্টারে পাঁচ রোগীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেছে পুলিশের তদন্ত কমিটি ৷ রিপোর্টে বলা হয়েছে যে, কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই রোগীদের মৃত্যু হয়েছে ৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্ত কমিটি এরই মধ্যে প্রতিবেদন দাখিল করেছে ৷ সেখানে বলা হয়েছে, ওই হাসপাতালের একটি রুম এবং বাইরে সংলগ্ন এলাকায় তাবু দিয়ে আইসোলেশন সেন্টার করা হয়েছিলো ৷ রুমে পাঁচটি বেডে ছিলেন পাঁচজন রোগী আর বারান্দার তাবুতে বসতেন চিকিৎসক ও নার্সরা ৷ তাবুর এসিতে ‘স্পার্ক’ হয়ে আগুন লাগে ৷ এতে এসির নীচে একটি বেডেও আগুন লাগে ৷ সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুন লাগার পর চিকিৎসক ও নার্স থাকলেও তারা বের হয়ে যান ৷ কেউ রোগীদের রক্ষার চেষ্টা করেননি ৷ সেখানে ছিল না আগুন নেভানোর কোন ব্যবস্থা ৷


গত ২৭ মে রাতে গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে নির্মিত করোনা ইউনিটে আগুন লাগে ৷ আর সেই আগুনে সেখানে চিকিৎসাধীন পাঁচজন রোগীই মারা যান ৷ তাবুতে একজন ডাক্তার ও দুইজন নার্স ছিলেন ৷ কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গেই ডাক্তার চলে যান ৷ এরপর নার্সরাও চলে যান ৷