শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফেব্রুয়ারিতে মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক: এইচআরএসএস প্রতিবেদন

মোহাম্মদ খাইরুল আমিন • 03 মার্চ 2025, 10:15 রাত • 188 বার পঠিত
ফেব্রুয়ারিতে মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক: এইচআরএসএস প্রতিবেদন

ফেব্রুয়ারি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক ছিল, দাবি করেছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটি তাদের প্রতিবেদন প্রকাশ করে জানায়, ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে দেশে বিভিন্ন ধরনের সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনিতে হত্যা, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং অন্যায় নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। এছাড়াও, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন সামাজিক অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি, শেখ হাসিনার বাসভবন সুধা সদন এবং বিভিন্ন আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় একজন শিক্ষার্থী নিহত ও ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী আহত হন।

এছাড়া, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে’

এইচআরএসএসের তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে কমপক্ষে ১০৪ টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৫৫ জন। এর মধ্যে সহিংসতার ১০৪ টি ঘটনার মধ্যে ৫৮টি বিএনপির অন্তর্কোন্দলে। এতে পাঁচজন নিহত হয়েছেন ও ৪৯৪ জন আহত হয়েছেন। নিহত ৯ জনের মধ্যে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ১ জন, বৈষম্যবিরোধী ছাত্রদের ১ জন নিহত হয়েছেন। অপর ২ জনের রাজনৈতিক পরিচয় মেলেনি যার মধ্যে ১ জন নারী রয়েছেন। এর পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার ১৬টি ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংষর্ষে ৩ জন নিহত হয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ মিরাজ হোসেন ও মো. জুম্মন নামে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার স্থানীয়দের সাথে বিমান বাহিনীর সংষর্ষে শিহাব কবির নাহিদ (৩০) নামে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এইচআরএসএস’র তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে অন্তত ১৯ টি হামলার ঘটনায় কমপক্ষে ৩৪ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ১৬ জন, লাঞ্চনার শিকার হয়েছেন ২ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৪ জন ও গ্রেফতার হয়েছেন ১ জন। এছাড়াও ৫ টি মামলায় ১১ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ ফেব্রুয়ারিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কমপক্ষে ৩ টি হামলার ঘটনায় ৬ টি প্রতিমা ভাঙচুর ও জমি দখলের মত ১ টি ঘটনা ঘটেছে। এছাড়া এ মাসে ২৬ টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮৭ জন। এইচআরএসএস বলছে, ফেব্রুয়ারিতে মাসে কমপক্ষে ১০৭ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৩ জন, যাদের মধ্যে ৩৮ জন ১৮ বছরের কম বয়সী শিশু। এছাড়া ১০৪ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ২৯ জন প্রাণ হারিয়েছেন এবং ৭৫ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।