ফানুসের সব আগুন নিয়ন্ত্রণে এসেছে: ফায়ার সার্ভিস
নববর্ষ উদযাপন উপলক্ষে ওড়ানো ফানুসে রাজধানীর ১০টি স্থানে লাগা আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত আড়াইটা নাগাদ সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিল সবখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডিএমপির নির্দেশনা না মেনে যত্রতত্র ফানুস উড়ানোর কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে অনেক আগে থেকেই ডিএমপির সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া ছিল। মানুষের মধ্যে দায়িত্ববোধ না থাকলে এ ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানে বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট পাঠানো হয়।
শনিবার (পহেলা জানুয়ারী ২০২২) রাত ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরো বলা হয়, আরো একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত এ মুহূর্তে বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।
মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জ মোট সাতটি স্থানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মাতুয়াইলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দুটি ইউনিট। তবে কোনো আগুনই ভয়াবহ আকার ধারণ করেনি।