ফাহিম খুন হওয়ার ঘটনায় গ্রেফতার হাসপিলকে আদালতে হাজির করা হয়েছে
পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হওয়ার ঘটনায় গ্রেফতার হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। শুনানিতে বিচারক জামিনের সুবিধা ছাড়াই হাসপিলকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। হাসপিলকে আগামী ১৭ আগস্টে আবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার খুনের অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে।
ম্যানহাটনের অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিক্ট অ্যাটর্নি কনফারেন্সে আদলতকে বলেন, ফাহিমকে হত্যা করার আগে হোমডিপো নামের দোকান থেকে ইলেকট্রিক করাত ও ধোয়ামোছার সরঞ্জামাদি কেনেন হাসপিল। যা ফাহিম সালেহর অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। এতে বোঝা যায়, ফাহিমকে হত্যার জন্যই ইলেকট্রিক করাত কেনেন হাসপিল। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতেও দেখা যাওয়া সন্দেহভাজন খুনির পোশাক হাসপিলের ব্রুকলিনের বাড়িতে পাওয়া গেছে। এ মামলার ক্ষেত্রে বিস্তর প্রমাণ রয়েছে। অপরাধ সংঘটনের আগে ও পরে তাকে নজরদারি ক্যামেরায় দেখা গেছে। ভিডিও টেপ দেখে অন্তত দুইজন ব্যক্তি তাকে শনাক্ত করতে পেরেছে।
এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে প্রসিকিউশন এখনো চূড়ান্ত নন। অর্থের লেনদেন এবং ব্যক্তিগত বিষয়ই ফাহিম হত্যার কারণ বলেই ধারণ করা হচ্ছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে , হ্যাসপিল কোনো অর্থ ফেরত দিয়েছেন কি না, সেটি তারা খতিয়ে দেখছেন।
এক প্রতিবেদন অনুযায়ী, ফাহিমের কাছ থেকে আগে ৯০ হাজার ডলার চুরি করেছিল হাসপিল। ফাহিম তখন তাকে নিজের প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করেছিলেন। তবে তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। বরং হাসপিল যেন কিস্তিতে টাকাটা ফেরত দিতে পারে, তার পথ বাতলে দিতে চেয়েছিলেন তিনি।