শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ১৪ নির্দেশনা

মোহাম্মদ খাইরুল আমিন • 27 এপ্রিল 2022, 02:31 দুপুর • 784 বার পঠিত
এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ১৪ নির্দেশনা

করোনাভাইরাসের কারণে চার মাস পিছিয়ে ১৯ জুন শুরু হতে যাচ্ছে ২০২২ এর মাধ্যমিক  বা এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

আজ বুধবার শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে।

১৯ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের পরীক্ষা শুরু হবে। এরপর ২০ জুন বাংলা দ্বিতীয় পত্র, ২২ জুন ইংরেজি প্রথম পত্র, ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ জুন গণিত পরীক্ষা হবে।

২৮ জুন গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলার লিখিত পরীক্ষা নেওয়া হবে। 

৩০ জুন পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ২ জুলাই রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ৩ জুলাই ভূগোল ও পরিবেশ, ৪ জুলাই উচ্চতর গণিত, ৫ জুলাই হিসাববিজ্ঞান, ৬ জুলাই জীববিজ্ঞান ও অর্থনীতির পরীক্ষা হবে।

যেসব বিষয়ের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা আছে, সেগুলো হবে ১৩ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে।

২০২০ সালে করোনার সংক্রমণ শুরুর আগেই এসএসসি পরীক্ষা হয়েছিল। এর পর দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। ২০২১ সালে নয় মাস পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয়।

২০২২ সালের এসএসসি পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এবারের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান- বিষয়ের পরীক্ষা নেয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

পরীক্ষা শুরুর তিন দিন আগে শিক্ষার্থীদের প্রবেশ পত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীকে ১৪টি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সেগুলো হলো-

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী শুরু হবে পরীক্ষা।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।

৫. সব শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি’র নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে (ওএমআর) রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০. পরীক্ষায় নন-প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল আনতে এবং ব্যবহার করতে পারবে না।

১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্ৰ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফল প্রকাশের সাতদিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।